মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মাসিক কল্যাণ সভায় পুরস্কারে ভূষিত হলেন মহাদেবপুর থানার ওসি শহিদুল ইসলাম। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁর হাতে পুরস্কার তুলে দেন। সোমবার(১৬ ফেব্রুয়ারি) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত ও ভবিষ্যৎ কার্যকর পদক্ষেপসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার জেলার সকল সিনিয়র কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র/ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগণকে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে পেশাদার এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার জন্য এবং নওগাঁ বাসিকে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করায় সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান।
তিনি ক্লু-লেস ও অন্যান্য মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতারসহ অপরাধ দমনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।আসন্ন রমজানে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং অপরাধ প্রতিরোধে সকল অফিসারদেরকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। সভায় জেলার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাঝে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পুরস্কার বিতরণ করেন।
উক্ত সভায় নওগাঁ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।