মাহবুব স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলার বিভিন্ন ব্যবসায়ী সমিতির সভাপতি ও সেক্রেটারিদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে ঈদকে সামনে রেখে বাজার ও শপিংমলসমূহে নিরাপত্তা জোরদার, যানজট নিরসন, চুরি-ছিনতাই প্রতিরোধ, নকল ও ভেজাল পণ্য প্রতিরোধ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ সুপার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ঈদ উপলক্ষে ক্রেতাদের নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি যেকোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে পুলিশ সুপার ঈদের আনন্দ নিরাপদ ও নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানান।
