মোহাম্মদ আককাস আলী :
নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মার্চ বিকেল আনুমানিক ৪টার দিকে পোরশা থানার শিশা বাজার থেকে সরাইগাছি বাজারে যাওয়ার কথা বলে দুই ব্যক্তি একটি ইজিবাইক ভাড়া করেন। পরে বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে ইজিবাইকটি শিশা বাজার পার হয়ে যাত্রী ছাউনির কাছে পৌঁছালে, গাড়িতে থাকা ওই দুই যাত্রী চালকের ওপর চেতনানাশক স্প্রে প্রয়োগ করে তাকে অজ্ঞান করে ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশা, সাপাহার ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জদের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন। একই সঙ্গে বিভিন্ন সড়কে চেকপোস্ট জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।
পরে ২১ মার্চ ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে চুরি হওয়া ইজিবাইকটি নিয়ে শিশা বাজার দিয়ে পালানোর সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় পত্নীতলা থানা পুলিশ ইজিবাইকটি উদ্ধার করে এবং অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আব্দুল্লাহ ইসলাম (২৪) ও মোঃ রনি বাবু (২৭)। তারা উভয়েই মোঃ ফয়জুল ইসলামের ছেলে এবং ভগিরতপুর, পত্নীতলা, নওগাঁ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে।
এ ঘটনায় রায়হান নামে এক ভুক্তভোগী পোরশা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে মামলাটি রুজু করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।
এ বিষয়ে পুলিশ সুপার জানান, অজ্ঞান পার্টির এই চক্রের সঙ্গে জড়িত আরও কেউ নওগাঁ জেলায় সক্রিয় আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।