মহাদেবপুরের ডেস্ক :
নওগাঁর সাপাহার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি বিশেষ অভিযান চালিয়ে ১০,০০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে।
বুধবার (১১ মার্চ) ভোর ৪টার দিকে বিজিবির আদাতলা বিওপির তত্ত্বাবধানে টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহ জাহান নেতৃত্বাধীন একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। অভিযানকালে তারা জলশুকা গ্রামের ইদগাহ ময়দানের পাশে পাকা রাস্তার ওপর মালিকবিহীন অবস্থায় মাদকদ্রব্যটি আটক করেন। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো বর্তমানে সাপাহার থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু-পাচার, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি সর্বাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এই ধরণের অভিযান সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির সক্ষমতা এবং সতর্কতা আরও শক্তিশালী করছে।
এ ধরনের পদক্ষেপের মাধ্যমে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করছে এবং মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ঘটনায় স্থানীয়রা বিজিবির দক্ষতা ও সতর্কতাকে উচ্চ প্রশংসা জানিয়েছেন।
