মোহাম্মদ আককাস আলী :
নওগাঁয় ২০ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত আড়াই লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে প্রকাশ, আগামী ২০ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত তিন সপ্তাহের ক্যাম্পেইন চলাকালে জেলার ১১ উপজেলা আর তিনটি পৌরসভায় মোট দুই লাখ ৬০ হাজার ৬৮৭ শিশুকে হাম-রুবেলার টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম জানান, “ক্যাম্পেইন চলাকালে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ইতোমধ্যেই জেলায় সাত হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হয়েছে। এই টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। এতে উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবককে নির্ধারিত টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানান।
