মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:
বরেন্দ্র অঞ্চলে বোরো ধানের উৎপাদন ব্যয় বেড়ে গেলেও ন্যায্য দাম নিয়ে হতাশায় চাষীরা। কয়েকদিনের মধ্যেই ইরি-বোরো মৌসুমের ধান কাটা শুরু হবে। তবে অনেক এলাকায় আগাম জাতির ধান কাটা শুরু হয়েছে। জ্বালানি তেল, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে ধান চাষে খরচ কয়েক গুণ বেড়েছে। অথচ বাজারে ধানের দাম কম থাকায় মৌসুমের শুরুতে লোকসানের আশঙ্কায় পড়েছেন চাষিরা।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, অধিকাংশ চালকলমালিকের গুদামে আমদানি করা (এলসি) চালের মজুত থাকায় নতুন ধান কেনার প্রতি আগ্রহ দেখাচ্ছেন না মিলাররা। ফলে বাজারে ধানের দাম বাড়ার সম্ভাবনাও আপাতত কম। বরং আবহাওয়া খারাপ হলে দাম আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এ অঞ্চলে প্রায় ১ লাখ ৯৩ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।
যদিও কৃষি বিভাগের দাবি, এবার ফলন ভালো হয়েছে; তবে মাঠের কৃষকেরা বলছেন ভিন্ন কথা। তাঁদের ভাষ্য, অনিয়মিত আবহাওয়া, রোগবালাই ও অতিরিক্ত খরচের কারণে ফলন আশানুরূপ হয়নি। উপরন্তু বাজারে দাম কম থাকায় প্রতি বিঘায় ৩-৪ হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে।
