মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে মাদক, বাল্যবিয়ে ও সাইবার ক্রাইম বিষয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় কোলা আদর্শ কলেজে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কলেজের সহকারী অধ্যাপক মো. গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর-বদলগাছী সার্কেল) মো. মাকসুদুল ইসলাম, সহকারী অধ্যাপক মতিউর রহমান তানসেন, ওসি মো. লুৎফর রহমান এবং ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম। এছাড়াও কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন হাইস্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদকাসক্তির শুরু সাধারণত বিড়ি-সিগারেট দিয়ে হয়, যা ধীরে ধীরে ভয়াবহ মাদকাসক্তিতে রূপ নেয়। তাই শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন থাকতে হবে এবং মাদক থেকে দূরে থাকতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী বাল্যবিয়ে মানবাধিকার লঙ্ঘন এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাশাপাশি মোবাইল ফোনে মেসেজ আদান-প্রদান ও প্রেমের প্রলোভন দেখিয়ে ব্ল্যাকমেইলসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদক, বাল্যবিয়ে ও সাইবার ক্রাইম বিষয়ে সঠিক উত্তর প্রদানকারী ১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
