মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে পড়ে থাকায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের বিভিন্ন কার্যক্রম পরিচালনা, স্মৃতি সংরক্ষণ এবং সেবামূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে ভবনটি নির্মাণ করা হয়। তবে দীর্ঘদিন ধরে এটি কার্যকরভাবে ব্যবহার না হওয়ায় প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে ভবনের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা দিয়েছে এবং চারপাশ ঝোপঝাড়ে ছেয়ে গেছে। স্থানীয়রা জানান, ভবনটি যথাযথ ব্যবস্থাপনার অভাবে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ফলে সরকারের বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি তার মূল উদ্দেশ্য পূরণ করতে পারছে না। দ্রুত সংস্কার ও কার্যকর ব্যবহারের উদ্যোগ না নিলে ভবনটি ভবিষ্যতে আরও বেশি ক্ষতিগ্রস্ত ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরশিদা খাতুন বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা করে সরকারি নীতিমালা অনুযায়ী ভবনটির যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সমালোচকদের অভিমত , মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের স্মৃতি ও কল্যাণে নির্মিত স্থাপনাগুলোর যথাযথ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং কার্যকর ব্যবহার নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নিয়ামতপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটিকে সচল ও প্রাণবন্ত করে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।