মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চলে প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চাহিদার তুলনায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় এবং তীব্র দাবদাহে বিদ্যুতের বাড়তি চাপের কারণে এই লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
জেলার প্রায় সব উপজেলাতে কম-বেশি লোডশেডিং হচ্ছে। তবে মহাদেবপুর,মান্দা,বদলগাছী, পোরশা এবং সাপাহার উপজেলায় লোডশেডিং বেশি। আর ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্যও।
প্রচণ্ড ভ্যাপসা গরমের কারণে শিশু ও বয়স্করা বেশি অসুস্থ হয়ে পড়ছেন।
ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসার কারণে লো ভোল্টেজের সমস্যায় কম্পিউটার, ফ্রিজসহ বিভিন্ন মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ছে।
চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় অনেক এলাকায় দিনে-রাতে ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও সমিতি-২ কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁ পল্লী সমিতি-১–এর আওতায় বাণিজ্যিক, আবাসিকসহ মোট ৪ লাখ ৫৪ হাজার গ্রাহক রয়েছেন। আর নওগাঁ পল্লী বিদ্যুৎ-২–এর আওতায় বিদ্যুৎ গ্রাহক রয়েছেন ৩ লাখ ৩৫ হাজার। তিন–চার দিন ধরে পিক আওয়ারে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকছে ১৮৭ মেগাওয়াট পর্যন্ত। কিন্তু উৎপাদনকেন্দ্র থেকে চাহিদার তুলনায় প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ কম পাওয়া যাচ্ছে।