মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি
সবুজে ঘেরা শান্ত এই গ্রামীণ জনপদে পা রাখলেই এখন দূর থেকে চোখে পড়ে শ্বেতশুভ্র এক অনন্য স্থাপত্যশৈলী। আধুনিক নকশা ও নান্দনিক নির্মাণশৈলীতে নির্মিত একটি মসজিদ পুরো এলাকার দৃশ্যপট বদলে দিয়েছে। মসজিদের নাম দেওয়া হয়েছে স্থানীয় একজন বুজুর্গ পীরের নামে। পীরে কেবলা মাহবুব আলম চিশতি।
এই "পীরে কেবলা মাহবুব আলম চিশতি" মসজিদটি দেখার জন্য দর্শনার্থীদের ভিড় জমে নওগাঁর মহাদেবপুর উপজেলার চান্দারহাট আলিপুর বাজারে।
গ্রামীণ পরিবেশের মাঝে এমন চোখ জুড়ানো ও আধুনিক স্থাপত্যের মসজিদ অবলোকন করতে এবং নামাজ আদায় করতে প্রতিদিন জেলা ও জেলার বাহির থেকে ছুটে আসছেন শত শত ধর্মপ্রাণ মানুষ।
মসজিদের ইতিহাস ও নির্মাণ পটভূমি
স্থানীয় প্রবীণ বীরমুক্তিযোদ্ধা ডা.আব্দুর রশিদ ও মসজিদ কমিটি সূত্রে জানা যায়, আলিপুর গ্রামে পূর্বে একটি পুরোনো ও জরাজীর্ণ মসজিদ ছিল, যেখানে স্থান সংকুলান ও আধুনিক সুবিধার অভাব ছিল দীর্ঘদিনের। যুগের সাথে তাল মিলিয়ে এবং স্থানীয় মুসল্লিদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে একটি আধুনিক ও স্থায়ী দৃষ্টিনন্দন ইবাদতগাহ নির্মাণের পরিকল্পনা করা হয়।
গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যেগে২০২০ সালে সাবেক সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম এর সহযোগিতায় কয়েক বছরের নিরলস প্রচেষ্টায় মসজিদটি বর্তমান এই আধুনিক রূপ পরিগ্রহ করেছে। স্থানীয়দের মতে, এটি কেবল একটি মসজিদ নির্মাণ নয়, বরং গ্রামীণ জনপদে ধর্মীয় সংস্কৃতির বিকাশ ও ঐক্যের এক অনন্য স্মারক।
স্থাপত্যশৈলী ও আধুনিক সুযোগ-সুবিধা
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, মসজিদটির প্রধান আকর্ষণ এর সমসাময়িক (Contemporary) ও মিনিমালিস্টিক স্থাপত্য নকশা। প্রথাগত নকশার বাইরে গিয়ে এর দেয়ালে ব্যবহার করা হয়েছে আধুনিক জ্যামিতিক কারুকাজ, যা পর্যাপ্ত আলো-বাতাস চলাচলে সাহায্য করে। দূর থেকে এর বিশাল মিনার এবং মূল গম্বুজের শ্বেতশুভ্র রূপ যে কারও নজর কাড়ে। মসজিদের বর্তমান পরিচালনা কারী আবুল কালাম আজাদ বলেন মসজিদটি নান্দনিকতার জন্য অনেকে দেখতে আসেন। এতে এলাকার মানুষ খুব গর্ববোধ করে।
মসজিদের ভেতরে ও বাইরে উচ্চমানের মার্বেল পাথর এবং আধুনিক টাইলস ব্যবহার করা হয়েছে। শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, মুসল্লিদের স্বাচ্ছন্দ্যের জন্য এতে রয়েছে:অত্যাধুনিক ও সুপরিসর অজুখানা।
শীতাতপ নিয়ন্ত্রণ (AC) ব্যবস্থা এবং ডিজিটাল সাউন্ড সিস্টেম।
পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করতে বিশেষ ভেন্টিলেশন ব্যবস্থা। রাতের বেলা পুরো মসজিদকে ফুটিয়ে তুলতে চোখ ধাঁধানো আধুনিক লাইটিং বা আলোকসজ্জা।