পোরশায় এইচএসসি পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী গ্রেফতার ১৫দিনের জেল

মোহাম্মদ আককাস আলী :


নওগাঁর পোরশায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ও সমমান) পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে গিয়ে মূল পরীক্ষার্থী জাহিদ হাসান (২১) ও প্রক্সি পরীক্ষার্থী বিপ্লব বর্মন (২০) কে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৭৫০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। শনিবার ( ৪ জুলাই) পোরশা সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটককৃত পরীক্ষার্থী জাহিদ হাসানের বাড়ি উপজেলার বারিন্দা গ্রামে ও তার পরিবর্তে পরীক্ষায় অংশ নেওয়া প্রক্সি পরীক্ষার্থী একই উপজেলার দেওনা পাড়া গ্রামের বিপ্লব বর্মন।

জানা যায়, পরীক্ষায় মো. জাহিদ হাসানের পরিবর্তে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে বিপ্লব বর্মন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে যাচাই-বাছাই করে প্রক্সি পরীক্ষার বিষয়টি নিশ্চিত হন। পরে তিনি দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে মূল পরীক্ষার্থী ও প্রক্সি পরীক্ষার্থীকে আটক করেন এবং তাদের পরীক্ষা থেকে বহিষ্কার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর ধারা ১৩-এর ৩(ক) অনুযায়ী উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার ৭৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

সত্যতা নিশ্চিত করে পোরশা থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত দুই পরীক্ষার্থীকে ইতোমধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন
Advertisement