হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমনকে গ্রেফতার দেখানোর নির্দেশ

মোহাম্মদ আককাস আলী :




জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে সোহেল রানা নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান তদন্তে তার সম্পৃক্ততার অভিযোগ তুলে ওমর ফারুক সুমনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ জুলাই দিন ধার্য করেন।

আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়সংলগ্ন মজুর ভিলার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন মামলার বাদী সোহেল রানা (৩৮)। অভিযোগ অনুযায়ী, সে সময় এজাহারভুক্ত আসামিরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তাদের ছোড়া গুলিতে সোহেল রানা আহত হন। পরে ছাত্র-জনতার লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হলে বাদীসহ আরও কয়েকজন গুরুতর জখম হন।

এ ঘটনায় ২০২৫ সালের ১১ জুন মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগ এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়।

এর আগে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুক সুমনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন
Advertisement