মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাসে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমন মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর ডাবল কক্ষে ইমন একাই থাকতেন। শুক্রবার রাত থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মামা ছাত্রাবাসে এসে দরজায় বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে সেখানে থাকা অন্যান্য শিক্ষার্থীর সহযোগিতায় দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমনের মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো জানান মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।