মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর মহাদেবপুরে পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ছিনতাই হওয়া অটোরিকশা ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছেন অসুস্থ রামকৃষ্ণ সরকার।
হারানো সম্বল উদ্ধার করে দেওয়ায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানাতে পরিবার নিয়ে ফুলের তোড়া হাতে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হন তিনি। পরিবারের এই ভালোবাসায় আবেগাপ্লুত ও মুগ্ধ হন পুলিশ সুপার।
তথ্য অনুসন্ধানে জানা যায়,অসুস্থ রামকৃষ্ণ সরকার তার ছেলে রকিকে কিনে দিয়েছিলেন একটি অটো রিকশা। নওগাঁ শহরে সেই অটোরিকশা চালিয়ে সংসারের হাল ধরেছিলেন রকি। উপার্জনকৃত টাকা দিয়ে রামকৃষ্ণের চিকিৎসা খরচসহ মোটামুটি চলছিল সংসার। কিন্তু ছিনতাইকারীর কবলে পড়ে হারাতে হয় উপার্জনের একমাত্র সম্বল অটোরিকশাটি। মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, হতাশায় পড়ে যায় পুরো পরিবারটি।
তবে বেশিদিন চিন্তায় থাকতে হয়নি রামকৃষ্ণের পরিবারকে। খোদ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের বিশেষ তদারকিতে উদ্ধার করা হয় ছিনতাইকৃত অটো রিকশাটি। রামকৃষ্ণের পরিবার ফিরে পায় তাদের হারানো সম্বল।
রামকৃষ্ণ সরকারের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার দক্ষিণ লক্ষীপুর গ্রামে। অসুস্থ হওয়ায় ছেলে রকি অটোরিকশা নিয়ে নওগাঁ শহরে এসে চালাতো।
সোমবার (৩ আগস্ট) আত্মহারা রামকৃষ্ণ সরকারের পুরো পরিবার ফিরে পাওয়া অটোরিকশাসহ হাজির হন পুলিশ সুপারের কার্যালয়ে। সঙ্গে নিয়ে আসেন একটি ফুলের তোড়া। এসপির হাতে তুলে দেন সেই তোড়াটি।
রামকষ্ণ পরিবারের এমন ভালোবাসায় মুগ্ধ হন এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম। কৃতজ্ঞতা জানাতেও দ্বিধা করেননি তিনি। আবেগঘন স্ট্যাটাস দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অপরদিকে এসপির এমন দায়িত্ব ও কৃতজ্ঞতাবোধ দেখে অনেকে করছেন প্রশংসা।
এসপি তারিকুল ইসলামা বলেন, দীর্ঘ দুই দশকের পুলিশি জীবনে আজকে এক বিশেষ ভালোবাসা প্রাপ্তি। একটি পঙ্গু পরিবারের ভালোবাসার সিক্ত হলো নওগাঁ জেলা পুলিশ।